রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সন্দেহভাজন আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪) গ্রেফতার হয়েছেন। আজ রোববার দিবাগত রাতে শেখ সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লালবাগ থানা সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি শারমিন সুলতানা সর্মি শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন। পরে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সর্মির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পর আদালতে পাঠানো হয়েছে।