কুমিল্লায় শনিবার (৩ আগস্ট) সকাল ১১টায় গণমিছিলের জন্য কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের জিলা স্কুল এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলকারীদের মিছিল আটকাতে ঘটনাস্থলের দুই পাশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। আন্দোলনকারীরা জানান, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের লোকজনের অতর্কিত হামলা চালিয়েছে।

এদিকে শিক্ষার্থীদের মিছিল ঘিরে রেখেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।এতে করে নগরীর কান্দিরপাড়, নিউমার্কেট ও জিলা স্কুল স্টেডিয়াম এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে বিভিন্ন ধরনের গান, কবিতা আবৃত্তি ও স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, এতে আমাদের ৩০ জন শিক্ষার্থী আহত ও ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ হামলার ঘটনায় সৌরভ চক্রবর্তী নামে কুমিল্লা সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের এক গুলিবিদ্ধ শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে।

অপরদিকে, স্টেডিয়াম মার্কেট এলাকায় কাউন্সিলর মো. রায়হান আহমেদ ও নিউমার্কেট এলাকায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। আমাদের ভাইয়ের হত্যার বিচার চাইতে এসেছি। আমাদের কর্মসূচিতে আওয়ামী লীগ বাধা সৃষ্টি করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের দুই পাশের পথ আটকে দিয়েছে।

কুমিল্লা মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, আমাদের কাছে গুলিবিদ্ধের কোনো তথ্য নেই।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।