প্রবাসে কর্মসংস্থানপ্রত্যাশী বাংলাদেশীদের সহায়তায় এবং বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা ও কারিগরি মানোন্নয়নের লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’ কর্মসূচি চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এ প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা নিতে পারবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে জানানো হয়েছে, যারা বিদেশে ভাষাশিক্ষা ও বিশেষ কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে ইচ্ছুক, তাদের সহজ শর্তে এ ঋণ দেয়া হবে। ঋণের সুবিধাসমূহের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি প্রেরণ, বিদেশে অবস্থানকালীন থাকা-খাওয়ার ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রেরণ এবং বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানিগামী শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তির সুযোগ।

এতে আরো বলা হয়, আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট শাখার স্থানীয় বাসিন্দা হতে হবে এবং তার বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। ঋণের জন্য আবেদনকারীকে যে দেশে গমনে ইচ্ছুক, সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত অফার লেটার এবং ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষাশিক্ষার সনদ অবশ্যই প্রদর্শন করতে হবে। এ ছাড়া, আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও জামিনদারসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

এ ঋণের বার্ষিক সুদের হার ১১ শতাংশ এবং ঋণের মেয়াদ সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত। ঋণের অন্যান্য ফি ও চার্জ সংক্রান্ত তথ্যাবলী প্রবাসী কল্যাণ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

এ বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী ব্যক্তিরা নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা অথবা সরাসরি হেল্পলাইন নম্বর ১৬২৩৮ এ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ব্যাংকের ওয়েবসাইট www.pkb.gov.bd থেকেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।