বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লকডাউনে কোনো মানুষ নেই। এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করেছে। কিছু উচ্ছৃঙ্খল ছেলেদের দিয়ে টাকার বিনিময়ে ঝটিকা মিছিল, বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে।’

গতকাল দুপুরে লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার চরশাহী ইউনিয়নে কলেজ মাঠে এ আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘১৯৪৭ সালের আওয়ামী লীগ, তাদের নেত্রী শেখ হাসিনার পালিয়ে যেতে হবে কেন? উনি প্রধানমন্ত্রী ছিলেন। নিজের ভোটে নিজে প্রধানমন্ত্রী ছিলেন। রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী, দখলদারত্বের প্রধানমন্ত্রী, তাহলে পালিয়ে যেতে হবে কেন? রাজনীতি করেননি, রাজনীতি করতেও দেননি। আমাদেরও রাজনীতি করতে দেননি। আমরা বিএনপির নেতৃত্বে সব রাজনৈতিক দল একত্রিত হয়েছি, আওয়ামী লীগের বিরুদ্ধে ও শেখ হাসিনার বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন, যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে ফেলে দেবেন। এখন তো উনি নেই। পালিয়ে যাওয়ার আগে তার আত্মীয়-স্বজন সবাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা বলেছিলেন, শেখ হাসিনা কখনো পালায় না। কিন্তু পালিয়ে গেছেন। তবে এ জেনারেশন পালায়নি। এরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। শেখ হাসিনার আমলে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে।’

অনেক পরিবার গুম-খুনের শিকার হয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন করেছে। এদের হাতে ছিল মুজিব বাহিনী ও রক্ষী বাহিনী।’

নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম।