সাতক্ষীরায় গত ২২ জুলাই থেকে গতকাল পর্যন্ত মোট ১০৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮ জন। যার অধিকাংশই রয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। এছাড়া চিকিৎসা নিয়ে ৬২ জন বাড়ি ফিরে গেছে। আর চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ছয়জনকে।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক শোভাযাত্রা, মশা নিরোধক ওষুধ (ক্রিম) বিতরণ, ওষুধ ছিটানো, আলোচনা সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাংবাদিক ও পুলিশ সদস্যসহ ১ হাজার ২০০ জনের মাঝে মশা নিরোধক ক্রিম বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন বলেন, সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিন নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছে অনেকেই। তবে হাসপাতালে যারা ভর্তি আছে, তারা এখন আশঙ্কামুক্ত। আক্রান্ত রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এসেছে। ডেঙ্গু প্রতিরোধে সদর হাসপাতালে একটি মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে।