ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের আলোচিত ছাত্রলীগ সভাপতি তানভীর ভূঞাকে বারইয়ারহাটে র্যাবের ওপর হামলার ঘটনায় বহিষ্কার করা হয়েছে। ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ১০নং ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তানভীর ভূঞাকে তার পদ থেকে বহিষ্কার করা হল।
প্রসঙ্গত; গত ২৫ মে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় ডাকাত ধারনায় র্যাবের ওপর হামলায় র্যাবের দুই সদস্যসহ তিনজন আহত হয়। ছাত্রলীগ সভাপতির পদ হারানো তানভীরের কাছ থেকে মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হন র্যাবের সদস্যরা। তানভীর ওই এলাকার মাদকসহ নানা অপরাধের নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত বলে জানায় র্যাব। বারইয়ারহাট ও ফেনীর ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন পাশাপাশি। এ ঘটনায় র্যাব জোরারগঞ্জ থানায় হামলা, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা করেছে। এই তিন মামলার মধ্যে দুটিতে (হামলা ও মাদক) তানভীরকে আসামি করা হয়। ঘটনার পর থেকে সে পলাতক।










