শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। এখানে ছাত্র-ছাত্রীরা শুধু লেখাপড়ার জন্য নয়, শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে গবেষণা করে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ নাগরিক করে হিসেবে গড়ে তুলতে হবে।’
তিনি গতকাল দুপুরে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে। অন্যথায় বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাবে, দেশ আবারো সন্ত্রাস ও নৈরাজ্যের দিকে ধাবিত হবে।’ তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী এমপি, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত সরকার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ইংরেজি বিভাগের চেয়ারম্যান হাফসা আক্তার ও শিক্ষার্থী ইলিন জাহান ঊর্মি প্রমুখ।
এর আগে শিক্ষামন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেক কাটেন। এছাড়া আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বিকালে তিনি নেত্রকোনা সরকারি কলেজ প্রাঙ্গণে ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশে যোগ দেন।










