চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। দগ্ধ বাকি ছয়জনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সামির আহমেদ সুমন (৪০) মারা যান। এর আগে সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান আক্তার রানী (৪০) ও তার ছেলে শাওন (১৬)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম নগরীর হালিশহরের এইচ ব্লকে এসি মসজিদ সংলগ্ন ছয়তলা ভবন হালিমা মঞ্জিলের ৩য় তলায় গ্যাসের বিস্ফোরণের এ দুর্ঘটনা ঘটে।

এতে দগ্ধ হন, মো. সাখাওয়াত হোসেন (৪৬), তার স্ত্রী নুরজাহান আক্তার রানী (৪০), ছেলে শাওন (১৬) মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন (৪০), তার স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫), মেয়ে আয়েশা (৪), ছেলে ফারহান আহমেদ আনাস (৬) এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন (৩০)।