কিছু মূল সংস্কারসহ একটি স্বাভাবিক সুষ্ঠু, স্বাধীন নির্বাচনের যে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, সেটা তারা সঠিকভাবে পালন করবেন বলে রাজনৈতিক দল হিসেবে প্রত্যাশা বিএনপির। এ কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবিসি বাংলায় দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কেমন— এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিষয়টি রাজনৈতিক। এটি তো কোনো ব্যক্তির বিষয় নয়। আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে, আমরা চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। অর্থাৎ অনেক কিছুর মত বিভিন্ন বিষয় আছে- যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি যে, কিছু সংস্কারের বিষয় আছে, একই সঙ্গে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে।
তিনি আরো বলেন, যে সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কারসহ একটি স্বাভাবিক সুষ্ঠু, স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে, উনারা উনাদের ওপরে যেটা মূল দায়িত্ব, সেটি উনারা সঠিকভাবে সম্পাদন করবেন। এটাই রাজনৈতিক দল হিসেবে উনাদের কাছে আমাদের চাওয়া।















