বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান ও মেলাটি উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবান জেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, সারাদেশে বৃক্ষ আচ্ছাদনের মধ্যে বান্দরবান জেলা শ্রেষ্ঠ। যার পরিমাণ জেলার মোট আয়তনের ৭৪ শতাংশ বনাঞ্চল। বাগান সৃজনের পর উপযুক্ত সময় হলে মালিক যাতে সহজে বাগান কাটতে পারে, সে জন্য বাগান কাটার অনুমতি পাওয়ার ব্যবস্থা সহজতর করতে হবে। এর ফলে বাগান সৃজন করতে মানুষের আগ্রহ বাড়বে। বৃক্ষ রোপণ করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন মন্ত্রী। 

সভা শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।মেলায় রয়েছে ফুল-ফলসহ নানা প্রজাতির গাছের চারা। এবারের মেলায় দেশী গাছের পাশাপাশি বিদেশী ফল, ফুল ও শোভাবর্ধক গাছের চারাও দেখা গেছে। মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৩০টি স্টল রয়েছে।

জেলা প্রশাসক মো. শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পাল্পউড প্লান্টেশন বিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, বনবিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী প্রমুখ।