বর্তমান সরকার আগামীতে যমুনা নদীতে টানেল নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

গতকাল দুপুরে সিরাজগঞ্জ সরকারি বিএল স্কুলের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের জন্য বলিষ্ঠতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। তার এ নেতৃত্বে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ফলপ্রসূ পরিবর্তন এসেছে। তার প্রমাণ কর্ণফুলী টানেল নির্মাণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ আরো অনেক কিছু। এরই ধারাবাহিকতায় আগামীতে যমুনা নদীতে টানেল নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষা, সড়ক ও গ্রামীণ অবকাঠামো নির্মাণে আমরা দ্রুতগতিতে কাজ করছি। আমরা কোনো দাতা সংস্থার কাছ থেকে অর্থ নিয়ে কাজ করছি না। সম্পূর্ণ নিজেদের অর্থায়নে এসব উন্নয়নকাজ করা হচ্ছে।

স্কুলের ৭৭তম ব্যাচের ছাত্র ও স্কুলের এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার অপু, মনোয়ারুল ইসলাম ও প্রফেসর আবু জাফর প্রমুখ।