ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বরিশাল বিভাগের ছয় জেলার উপকূলীয় নদ-নদীতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

তিনি জানান, বরিশাল বিভাগের বরিশাল ও ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বেশি। তাই বরিশাল-ভোলাসহ বিভাগে সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর বিপদ সংকেত ও বরিশাল নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে বরিশাল নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না ঘটলে এ নির্দেশনার কোনো পরিবর্তন ঘটবে না।

এদিকে বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহম্মেদ হাওলাদার জানান, এখনো হামুনের তেমন প্রভাব নেই। তবে রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত মিলিমিটার বৃষ্টি হয়েছে।