শেরপুরে আড়ত থেকে খুচরা বাজারে আসার সঙ্গে সঙ্গেই দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে কাঁচামরিচের। অসাধু খুচরা ব্যবসায়ীরা বেশি মুনাফার জন্য কাজটি করছেন সপ্তাহখানেক ধরে। গতকাল জেলা শহরের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। এতে কাঁচা মরিচ কিনতে গিয়ে নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠছে।
শেরপুর জেলা শহরের সবচেয়ে বড় সবজির আড়ত স্টেডিয়ামসংলগ্ন ও জামালপুর ব্রিজসংলগ্ন আড়ত। এ দুই আড়তে সরেজমিনে দেখা যায়, পাঁচ কেজি কাঁচামরিচ পাইকারি ৫০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে কেজি পড়ছে ১০০-১২০ টাকা। অথচ স্থানীয় নবীনগর হাজির মোড় বাজার, নয়ানী বাজার, বৌ বাজার, খোয়ারপাড় বাজার, বাসস্ট্যান্ডসহ জেলার বিভিন্ন হাটবাজারে মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি।
নয়ানী বাজারে আসা ব্যাংক কর্মকর্তা জলিল বলেন, বর্তমানে শুধু কাঁচামরিচ নয়, অন্যান্য অনেক সবজি ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। নিম্ন আয়ের মানুষ যদি শাকপাতা কিনে খেতে না পারে, তাহলে তারা খাবে কী? তিনি নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, বর্ষার কারণে কৃষকের মরিচের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ফলে বাজারে কাঁচা মরিচ কম পাওয়া যাচ্ছে।










