নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা বালুর ঘাট এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ নুরুল আমিনের (৩০) মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক(তদন্ত )তরিকুল ইসলাম। একই ঘটনায় দগ্ধ নিহত নুরুল আমিনের স্ত্রী আর্জিনা বেগম আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনকও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।  

নিহত নুরুল আমিন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সাখাইলের ওয়াজেদ আলীর ছেলে। তিনি তার স্ত্রীকে নিয়ে দাপা ইদ্রাকপুর এলাকায় রূপচান বেপারীর ভবনে ভাড়ায় বসবাস করতেন। একই মালিকের মালিকানাধীন ঘাটে বালু কাটার শ্রমিক হিসেবে কাজ করতো।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ ফতুল্লার দাপা ইদ্রাকপুর রূপচান বেপারীর ভবনের দ্বিতীয় তলায় তিতাস গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ওই ভবনের ভাড়াটিয়া দম্পতি নুরুল আমিন ও তার স্ত্রী আর্জিনা বেগম দগ্ধ হন। খবর পেয়ে বিসিক ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে  আগুন নিয়ন্ত্রণ আনে। আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করেন।