রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার ব্যাবসায়ী আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যা মামলার প্রধান দুই আসামি মো. রাকিব শেখ ও মো. ইয়ামিন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা ও একটি মুখোশ উদ্ধার করা হয়।

আজ সোমবার বেলা ১২ টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান।

এসময় তিনি বলেন, গত শনিবার বিকাল সাড়ে পাঁচটার সময় খানখানাপুর সুরাজ মোহিনী ইনিস্টিটিউটের সামনে দুটি মোটর সাইকেল যোগে এসে দুর্বৃত্তরা আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় রকির বাবা রাজ্জাক শেখ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ চিরুনি অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চরখানখানাপুর এলাকার নাজিমউদ্দিনের ছেলে রাকিব ও কুষ্টিয়া জেলার মৃত মজিবর রহমানের ছেলে ইয়ামিনকে গ্রেপ্তার করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশী পিস্তল দুই রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা ও একটি মুখোশ জব্দ করা হয়।

পুলিশ সুপার আরো জানান, মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহত রকির সাথে গত পাঁচ মাস আগে রাকিব ও ইয়ামিনদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার রেস ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে গ্রেপ্তারকৃত আসামীরা স্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, মো. শাহনেওয়াজ, মো. মাইনউদ্দিন চৌধুরী ও ডিআইও ওয়ান মো. সাইদুজ্জামান।

এর আগে রকি হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবিতে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে নিহত রকির স্বজন ও এলাকাবাসী।