খুলনায় শেখ শাহীনুল হক শাহীন (৪০) নামে এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরের বাগমারা ব্রিজসংলগ্ন মারকাজুল উলুম মাদরাসা সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শাহীন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তিনি খুলনা নগরের দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে।
খুলনা থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের বাগমারা ব্রিজসংলগ্ন মারকাজুল উলুম মাদরাসা সড়কে দুর্বৃত্তরা গুলি করে শাহীনকে হত্যা করেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে।
ওসি বলেন, নিহত শাহীন খুলনা নগরের দৌলতপুরের শহীদ ওরফে হুজি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তিনি বিভিন্নস্থানে আত্মগোপনে থাকতেন। এলাকায় তিনি বড় শাহীন নামেও পরিচিত ছিলেন।
দৌলতপুর থেকে শাহীনকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে তার পরিচিত কেউ তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ । তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বা কারা করেছে তা এখনো জানা যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে রাতেই পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।










