দিনাজপুরের হিলির ৩ নং আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনে অবহেলা, ভিডব্লিউবির ১ হাজার ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও অসহায় নারীদের জন্য বরাদ্দ করা ভিডাব্লিউবির এক হাজার ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী দিনাজপুর জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। সেহেতু তাকে দিয়ে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। তাই তার অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একইসঙ্গে অপরাধ সংগঠিত করায় কেন আপনাকে পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেয়া হলো।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আলিহাট ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ানকে তার পদ হতে সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে স্থানীয় সরকার বিভাগ থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন হাতে পেয়েছি।