বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক, সেটি বিশ্বাস করে। জাতীয়তাবাদ যেভাবে একজন নাগরিকের সব অধিকার নিশ্চিত করতে পারে, জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে তবে জণগণের সেই অধিকার নিশ্চিত করা হবে।’
গতকাল নরসিংদীর ঘোড়াশাল ভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন। ঘোড়াশাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোবাহান ভূঁইয়ার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন প্রমুখ।
পথসভায় মঈন খান বলেন, ‘হিন্দুরা আওয়ামী লীগ নেতাকর্মীদের অত্যাচার, অনাচারে অতিষ্ঠ হয়ে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার নিয়ে গিয়েছিলেন। তবে কোনো সুফল পাননি। কারণ আওয়ামী লীগ মুখে বলে এক কথা, আর কাজ করে তার উল্টো।’










