গত সোমবার থেকে তিনদিন ধরে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিপাতের কারণে ক্রমাগত বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। টানা বর্ষণে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। এরই মধ্যে সতর্কতা জারি করে ঝুঁকিপূর্ণভাবে বসতি স্থাপনকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। গতকাল বিকাল থেকে শহর এলাকায় মাইকিং করছে তথ্য অফিস।

রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের নির্দেশনা দেয়া হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার প্রস্তুতি চলছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। যেকোনো দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।