পাবনার সুজানগরে আল-আমিন মিয়া (৪০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রানীনগর ইউনিয়নের রানিনগর ক্লাবের সামনে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

আল-আমিন উপজেলার রানিনগর ইউনিয়নের মৃত শহিদুর রহমান মিয়ার ছেলে। তিনি রানীনগর ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয় কয়েকজন বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে গত ৯ মে সুজানগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান আব্দুল ওহাব ও সাবেক চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর আগে কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, সুজানগর উপজেলা পরিষদের নির্বাচন ঘিরে আগে থেকেই ওই এলাকায় অস্থিরতা বিরাজ করছিল। এর সূত্র ধরে এ হামলার ঘটনা ঘটেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আল-আমিন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুরুত্বসহকারে বিষয়টি তদন্ত করা হচ্ছে।