খাগড়াছড়িতে ৯৭৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জেলা সদরের স্বনির্ভর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় দুটি মাহিন্দ্রাসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন বড়ুন চাকমা, বিকাশ চাকমা ও মো. সাইফুল ইসলাম। তারা পানছড়ি উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা সদরের স্বনির্ভর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। খাগড়াছড়ি-পানছড়ি সড়কের স্বনির্ভর বাজার পুলিশ চেকপোস্টের সামনে সন্দেহজনক দুটি মাহিন্দ্রা তল্লাশিকালে বস্তাবন্দি অবস্থায় ভারতীয় শাড়িসহ তিনজনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।










