দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টায় কর্মচারী রবিউল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দেন। ওয়াহিদার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকেও তখন হত্যাচেষ্টা করা হয়। 

আসামি রবিউল বিরলের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে। আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। 

সরকার পক্ষের আইনজীবী রবিউল ইসলাম বলেন, বিচারক মামলাটির দুটি ধারায় রবিউলকে মোট ১৩ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন। যেহেতু দুটি ধারার সাজা একসঙ্গে চলমান থাকবে তাই রবিউলকে ১০ বছর সাজা ভোগ করতে হবে।

২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা কমপ্লেক্সের সরকারি বাসায় ইউএনওর ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে।