পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা
ভাংচুরের ঘটনায় আশুলিয়ায় ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক কারখানাগুলো এ সিদ্ধান্ত নিয়েছে বলে
জানিয়েছে শিল্প পুলিশ।
গতকাল শুক্রবার (১০ নভেম্বর) রাতে এ
তথ্য নিশ্চিত করেন ঢাকা শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।
এর আগে কয়েকটি কারখানার মূল ফটকে এ বন্ধের নোটিসের দেখাও মিলেছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার মিলিয়ে আশুলিয়া
এলাকার দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিমিটেড, এআর জিন্স প্রডিউসার, আগামী অ্যাপারেলস লিমিটেড,
দ্য রোজ ড্রেসেস, পাইওনিয়ার ক্যাসুয়াল ওয়ার লিমিটেডসহ মোট ১০ কারখানা অনির্দিষ্টকালের
বন্ধ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার পোশাক পণ্য প্রস্তুত ও
রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ এক নির্দেশনায় বলেছিল, যেসব কারখানায় শ্রমিকরা গিয়েও
কাজ করা থেকে বিরত থাকবেন বা কারখানা ছেড়ে বেরিয়ে যাবেন, সেসব কারখানার মালিকরা বাংলাদেশ
শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন।
একইসঙ্গে দেশের সব পোশাক কারখানায় সব
ধরনের নিয়োগ বন্ধসহ বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
এদিকে আশুলিয়ার চলমান শ্রমিক আন্দোলনকে
কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সড়কে র্যাবের পাশাপাশি আছে বিজিবিও।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি)
মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আমি আশুলিয়ার ১০ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের
তথ্য পেয়েছি। আগামীকালও (শনিবার) আমরা সতর্ক অবস্থানে থাকবো। শিল্প পুলিশের ৭৫০ সদস্য
সাভার আশুলিয়ায় মোতায়েন করা আছে। এছাড়া বিজিবি, থানা পুলিশ ও র্যাবও আমাদের সহায়তা
করছেন।










