নাটোরের সিংড়া উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল। গতকাল দুপুরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এর আগে সকালে সাংবাদিকদের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেল। চেয়ারম্যান পদে ওই উপজেলায় এখন একমাত্র প্রার্থী রয়েছেন দেলোয়ার হোসেন ওরফে পাশা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সম্প্রতি সিংড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক লুৎফুল হাবীব রুবেল। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে রুবেলের সমর্থকরা অন্য চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ওরফে পাশাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে মারপিট করে বাড়িতে পৌঁছে দেয়। দেলোয়ার হোসেনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভিডিও বার্তায় রুবেল বলেন, ‘৮ এপ্রিল উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। তারপর যে ঘটনা ঘটেছে তার সঙ্গে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে বিভিন্ন মহল সক্রিয় রয়েছে।’

রুবেল বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কোনো মন্ত্রী ও সংসদ সদস্যের আত্মীয়স্বজন নির্বাচন করতে পারবেন না। তারই আলোকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছি।’