জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের পাঁচটি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের ৮০ কেজি করে চাল দেয় সরকার। তবে চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলেছেন জেলেরা।
তাদের অভিযোগ, প্রতিটি জেলে কার্ডের বিপরীতে চাল বিতরণের কথা ৮০ কেজি করে। তবে ইউনিয়ন পরিষদের সচিব মুনছুর আহমেদ দিচ্ছেন ৬৫-৭০ কেজি।
এ বিষয়ে মুনছুর আহমেদ বলেন, ‘আমরা চাল পুরোটাই দেয়ার চেষ্টা করছি। কিন্তু মাপতে গিয়ে হয়তো একটু কমবেশি হচ্ছে।’










