ফরিদপুরে নতুন বছরে বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকালে ফরিদপুরে বাংলা নববর্ষ পালন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। এ সময় তিনি বলেন, ‘বাঙালি জাতির আবহমান কালের সংস্কৃতির উত্তরোত্তর উন্নতি ঘটবে, ধ্বংস হবে জঙ্গিবাদ আর মানুষ ভাতে-মাছে-কাপড়ে সমৃদ্ধ হবে।’ এ সময় মন্ত্রী দেশকে নতুন বছরে নতুন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘জাতির জনকের স্বপ্নের বৈষম্যহীন সোনার বাংলা গড়ে তুলতে কাজ করতে হবে।’

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদারের সভাপতিত্বে এ সময় ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলা নববর্ষ পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে ফরিদপুরের জেলা প্রশাসকের বাসভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও বাঙালি খাবার পরিবেশন করা হয়।