ঝালকাঠির নলছিটিতে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তাহসিন খলিফা (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামে এ ঘটনা ঘটে। তাহসিন ওই এলাকার শাহ আলী খলীফার ছেলে ও সরমহল ছায়েদিয়া এমদাদুল তামিল ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

নিহত তাহসিনের স্বজন সরোয়ার হোসেন টিপু বলেন, ‘তাহসিন মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছিল। এ সময় পল্লী বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে শরীরের ওপর পড়ে। এতে তার বুকের এক পাশ পুড়ে গেছে। আমরা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা পল্লী বিদ্যুতের অফিসে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেনি। যদি সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করত তাহলে ওকে বাঁচানো যেত।’

ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার কেফায়েত উল্লাহ্ বলেন, ‘যদি অফিস থেকে ফোন রিসিভ না করে থাকে, তাহলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, ‘তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’