ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাব জানিয়েছে, আটক নারীর নাম জহুরা বেগম (৪২)। তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা এবং মো. সালামের স্ত্রী।
র্যাবের তথ্যানুযায়ী, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বিভিন্ন স্থানে যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালানো হয়। রাত ১২টার দিকে গোবিন্দপুর এলাকায় চট্টগ্রাম থেকে বরিশালগামী একটি বাস থামিয়ে তল্লাশি করা হলে জহুরা বেগমের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফেনীতে অবস্থানরত র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা। যাচাই-বাছাই শেষে মাদকসহ ওই নারীকে বৃহস্পতিবার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামসুজ্জামান বলেন, র্যাবের হাতে ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।










