নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে তালা দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ইউনিয়নের ডিস লাইন নামক এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর সাত-আটটি মোটরসাইকেলযোগে ১৫-২০ জন লোক ডিস লাইন এলাকায় আসে। এ সময় তারা হইচই করতে করতে আনারস প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে চেয়ার ফেলে দেয় এবং অফিসে থাকা লোকজনকে বের করে দেয়। একপর্যায়ে হামলাকারীরা অফিসের দরজা বন্ধ করে তালা মেরে দেয়। হামলাকারীদের মোটরসাইকেলের সামনে নৌকা প্রতীকের স্টিকার লাগানো ছিল।
আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা পাটোয়ারী দিপু জানান, মঙ্গলবার নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীরা তার অফিসে তালা ঝুলিয়ে দেয়। এছাড়া গতকাল দুপুরে নৌকা প্রতীকের কর্মী ছাত্রলীগ নেতা জাহিদ, তৌহিদ ও আরমানের নেতৃত্বে ১০-১২ জন সেক্রেটারির দোকান এলাকায় তার প্রচার মাইক ও ব্যাটারি খুলে নিয়ে যায়। উভয় ঘটনা তিনি রিটার্নিং কর্মকর্তা ও থানায় অবহিত করেছেন। তবে এখনো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
অভিযোগ অস্বীকার করেছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন বাহাদুর। তিনি বলেন, তার কোনো লোক এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। আনারস প্রতীকের প্রার্থীর সঙ্গে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কেউ করেছে।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী সদর উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো. জুলকার নাঈম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, প্রার্থীর অভিযোগটি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুধারাম থানার ওসিকে দেয়া হয়েছে।










