এক দফা দাবিতে বিএনপির চলমান অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ফটকে তালা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত থেকে আজ ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। 

সরেজমিনে দেখা যায়, ঢাবির কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, সায়েন্স লাইব্রেরি, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিউট, চারুকলা, সমাজ কল্যাণ ইনস্টিটিউটসহ বিভিন্ন একাডেমিক ভবনের ফটকে ফটকে ঝুলছে ছাত্রদলের তালা। তবে আবাসিক ভবনগুলোতে তালা লাগানোর তথ্য পাওয়া যায়নি।

তালা লাগানোর পাশাপাশি অবরোধের সমর্থনে ব্যানারও লাগানো হয়েছে এসব ফটকে। কার্জন হলের ফটকে লাগানো ব্যানারে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিকের বরাতে লেখা রয়েছে, ‘এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!’

বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করে অনিক বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস, সর্বজনীন শিক্ষা ব্যবস্থা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে একদিকে বাংলাদেশের সকল শিক্ষার্থীর দাবি আদায়ের আন্দোলন। অপরদিকে ফ্যাসিবাদের দোসরদের জোর জবরদস্তির ও ভীতিকর ক্যাম্পাস গড়ার প্রয়াস; আমরা বিশ্বাস করি দিন শেষে সাধারণ শিক্ষার্থীদের এবং জনগণের বিজয় হবে। আর এই বিজয়ের প্রথম পতাকা ছাত্রদলই উড়াবে।’

এদিকে ঢাবি ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেলের দাবি, এরই মধ্যে সাধারণ শিক্ষার্থীরা দেশ রক্ষার আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু আওয়ামীপন্থী শিক্ষক জোরপূর্বক শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা দিতে বাধ্য করছেন।

বণিক বার্তাকে তিনি বলেন, ‘দেশ বাঁচানো, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করছে।’

দেশব্যাপী হরতাল-অবরোধে অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে ঝটিকা মিছিল হচ্ছে প্রায় প্রতিদিন। তবে এতদিন মূল ক্যাম্পাসে প্রবেশ করতে না পারলেও আজ ফটকে তালা দেয়ার মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশ করল বিএনপির অঙ্গ সংগঠনটি।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, খুব দ্রুতই ক্যাম্পাসে অবরোধ কর্মসূচি পালন করবে তারা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান ও গুরুত্বপূর্ণ ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেয়া হবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন ছাত্রদল নেতারা।

সংগঠনটির সাধারণ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা দেশ বাঁচানোর আন্দোলনকে সমর্থন করে। আমাদের আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। ক্যাম্পাসেই আমরা চূড়ান্ত আন্দোলনে নামব। ক্যাম্পাসে আমরা অবরোধ কর্মসূচি পালন করব। আর তাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আমাদের আন্দোলনে সমর্থন জানাবে বলে আমরা বিশ্বাস করি।’