পাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
(পাবিপ্রবি) ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো
একজন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১২ তলাবিশিষ্ট শেখ
রাসেল হল ভবনে এ
ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের চর মসুদেবপুর বাগানপাড়ার
আনিসুর রহমানের ছেলে তুহিন রহমান ও রাজশাহীর গোদাগাড়ীর
ঘান্টি গেতাগাড়ী এলাকার মৃত মজিবুর আলীর ছেলে আসাদুল আলী। আহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের চর অনুপনগর গ্রামের
আ. আওয়াল। পুরনো পচা রশি দিয়ে কাজ করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে এ ঘটনার জন্য কর্তৃপক্ষ ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করলেও বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক বিষয়টি এড়িয়ে যান। বিশ্ববিদ্যালয়ে নির্মাণ প্রকল্পের কাজ শুরুর পর থেকে ১৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। বার বার শ্রমিক মৃত্যুর ঘটনায় প্রকল্প পরিচালক ও ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় পাবনার সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে পাবিপ্রবির নির্মাণাধীন শেখ রাসেল হলের ১২ তলা ভবনে প্লাস্টারের কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে তিন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনার জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহীতে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।
ঠিকাদার প্রতিষ্ঠানের ওপর দায় চাপিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, ‘শ্রমিক নিরাপত্তার বিষয়ে আমরা বারবার ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করেছি, কিন্তু ফল হয়নি। এগুলো প্রকল্প পরিচালকের দেখার কথা। তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন। ঘটনাটি উপাচার্যকে অবহিত করেছি।’
দুজন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধা বালা।










