আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। তারা দুজন ঢাকা-১৭ আসনে (গুলশান) ও ঢাকা উত্তর সিটির ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে ফরম পূরণ করেছেন।

আজ শনিবার সকালে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুর কবীর সাংবাদিকদের এসব তথ্য জানান।

দুপুর ১টার দিকে তারেক রহমান ইসির নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) প্রবেশ করেন। এর আগে, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ভোটার হিসেবে নিজের নিবন্ধন সম্পন্ন করে ইসি ভবন ত্যাগ করেন তার মেয়ে জাইমা রহমান।

ইসি বলছে, ভোটার নিবন্ধন শেষ করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন তারা। এনআইডি ডিজি বলেন, ‘আমরা যতটুকু জেনেছি উনি (তারেক রহমান) অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।‘

এনআইডি ডিজি বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে, সেটা কারো সঙ্গে ম্যাচ করে কিনা। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এরপর তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। আবার তার মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।