এ নিয়ে আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৯৭ বার পেছাল। আগামী ১৪ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।

গতকাল ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন এ দিন ধার্য করেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। বিশ্বের অন্যতম আলোচিত এই সাইবার চুরির ঘটনায় বাংলাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা ওই মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়নি।