পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, দেশের উন্নয়ন করতে হলে দরকার দুই হাত এক করা। দরকার নারী-পুরুষ একত্রে কাজ করা। আমাদের অর্থনীতি ও শিক্ষাবান্ধব নেতা শেখ হাসিনা। তিনি নারীদের খুব সম্মান করেন। হতদরিদ্র অসহায় মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করে যাচ্ছেন। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন। আওয়ামী লীগ সরকার সবসময়ই আপনাদের পাশে আছে ও থাকবে।
গতকাল দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে ১৬ লাখ টাকা ব্যয়ে সৈয়াদিয়ে শামছিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কিছু ছেলে নানাভাবে মহান ধর্মের আবরণে অন্যায় কাজে লিপ্ত হয়। তাদের সঙ্গে আমরা আপস করব না। স্বাধীনতার বিকল্প নেই। স্বাধীনতার বিকল্প মানে গোলামি করা। যারা বাংলাদেশের ক্ষতি করতে চায় তাদের ছাড় দেয়া হবে না। জাপান, ব্রিটেন ও আরবের আমরা গোলাম হতে চাই না।
সৈয়াদিয়ে শামছিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য সৈয়দ দুলাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সিলেট ল কলেজের প্রিন্সিপাল সৈয়দ মহসিন আহমদ প্রমুখ।










