ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ আপিল তালিকার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। বিকেল পাঁচটা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
এর আগে গতকাল শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আবেদনের শুনানি সম্পন্ন করা হয়। প্রথম দিনের সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫১টি আপিল মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে, মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল মঞ্জুর হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস. এ. কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া প্রথম দিনে ১৫টি আবেদন নামঞ্জুর এবং ৩টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।










