জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার জেনেভায় এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিংয়ে সভাপতিত্ব করেছেন। আজ শনিবার (২৩ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির ১ম দিন এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উদ্বোধনী বক্তব্য দেন। এ সময় সভার এজেন্ডাগুলো এবং অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ১৪৭তম আইপিইউ অ্যাসেম্বলির মিটিং মিনিটস গৃহীত হয়।
পরবর্তীতে আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররা আলোচনা করেন। এ সময় এশিয়ান+৩ গ্রুপ মিটিংয়ের প্রতিবেদন উপস্থাপিত হয়।
এ সময় আইপিইউর প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন ভাষণ প্রদান করেন।
সভায় ৬ষ্ঠ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার অব দ্য পার্লামেন্টের প্রিপারেটরি কমিটির নমিনেশন দেয়া হয়।
সভায় এজেন্ডাভিত্তিক সব সিদ্ধান্ত গৃহীত হয়। বিস্তারিত আলোচনার পর ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি বাস্তবায়নে তলব সংক্রান্ত জরুরি আইটেম গৃহীত হয়।
এ সভায় আইপিইউর প্রেসিডেন্ট, আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররাসহ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক, আখতারুজ্জামান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।










