কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়ার একটি ভাড়া বাসা থেকে বাবা ও তার সাত বছরের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন রেজাউল করিম মধু (৩০) ও তার ছেলে ইহসানুল করিম মুগ্ধ।

পুলিশ বলছে, মধু তার ছেলে মুগ্ধকে নিয়ে একই এলাকার হরেকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার কথা বলে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সন্তানকে নিয়ে ফিরে না আসায় মা শেফালি পাশেই তাদের ভাড়া বাসায় আসেন। এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান তার স্বামী ও সন্তান ঘরের মধ্যে একই রশিতে ঝুলে আছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা জানান, এখনই কিছু বলা যাচ্ছে না। এখানে আত্মহত্যা ও হত্যার ঘটনা থাকতে পারে। ছেলেকে হত্যার পর বাবা আত্মহত্যা করতে পারেন।