সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। একই দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চারটি সংগঠনের জোট ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ’ এর ব্যানারে পরিচালিত হচ্ছে তাদের এ কর্মসূচি। 

সোমবার (৮ জুলাই) বেলা ১২টায় ঢাবির কলা ভবনের সম্মুখ গেটে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। 

এর আগে গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন ঢাবি শিক্ষকরা। ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যয় স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, দাবি মানার কোনো অবস্থা আমরা দেখছি না। আমরা আগেও বলেছি এখনো বলছি, আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত পিছু হটবো না। বিজয় নিয়েই আমরা ক্লাসরুমে ফেরত যাব।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া বলেন, আমরা বলেছিলাম এ স্কিম বাতিল করুন না হলে আমরা কর্মবিরতি শুরু করবো, কিন্তু তারা দাবি মানেনি। ফলে আমরা অর্ধদিবস কর্মবিরতি করেছি, পরে পূর্ণ দিবস করেছি। এরপর আমরা এ সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছি। যেহেতু আমরা এ আন্দোলন শুরু করেছি সফলতা আসার আগে ক্লাসে ফিরব না।