মাদারীপুরের কালকিনি উপজেলায় পাটক্ষেত থেকে এলজিইডি অফিসের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি ওই গ্রামের বাসিন্দা আব্দুল জলিল শিকদার। তিনি এলজিইডি অফিসের অফিস সহকারী ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন জলিল শিকদার। শনিবার ভোরে মৌলভীকান্দি গ্রামের সিরাজ তালুকদারের পাটক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।










