চাঁদপুরের হাজীগঞ্জে ধূমপান করা নিয়ে দুই কিশোরের হাতাহাতির জেরে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রান্ধুনীমুড়া ও মনিনাগ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদের দিন বিকালে রান্ধুনীমুড়া এলাকার নাহিদের সঙ্গে মনিনাগ এলাকার রাহুলের ধূমপান করা নিয়ে হাতাহাতি হয়। পরে মঙ্গলবার রাতে নাহিদ তার বন্ধুদের নিয়ে রাহুলকে মারতে গেলে দুই এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










