এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২০ হাজার ৮২৭ জনে; প্রাণ গেছে ৬১ জনের।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১১০ জন ও দক্ষিণ সিটির হাসপাতালে ১০৬ জন ভর্তি হয়। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ১৫৮ জন ভর্তি হয়েছে।
অন্যদিকে বরিশাল বিভাগের হাসপাতালে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯, খুলনায় ১০১ ও ময়মনসিংহে ২৭, রাজশাহীতে ৬৩, রংপুরে ১৭ এবং সিলেটে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।










