বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সকালে নাসা গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর পর পরই শ্রমিকদের একটি অংশ পাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তাজনিত কারণে অন্তত ১৫টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় অবস্থিত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’