বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর জনগণের মাঝে আশার সঞ্চার হয়েছে—তিন মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু নির্বাচন যখন প্রলম্বিত হচ্ছিল সংস্কার ও বিচারের কথা বলে, তখন আমরা দেখতে পেলাম দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছিল। তিনি (প্রধান উপদেষ্টা) তখন বুঝতে পেরেছিলেন বিএনপির সঙ্গে আপস না করে দেশ পরিচালনা সম্ভব নয়। এটা বুঝতে পেরেই তিনি লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তকে দেশের ১৮ কোটি মানুষসহ সব রাজনৈতিক দল অভিনন্দন জানিয়েছে। তবে দেশের একটি ধর্ম ব্যবসায়ী সংগঠন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এটিকে ভালোভাবে নেয়নি। তারা দেশে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি নেতাকর্মীরা তাদের সেই আশা বাস্তবায়ন হতে দেবে না।’

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত নরসিংদীর মাধবদী পৌর ছাত্রদল কর্মী শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে আয়োজিত স্মরণসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাধবদী থানা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে।

খায়রুল কবির খোকন বলেন, ‘নরসিংদী কারাগার ভাংচুরের ঘটনায় আমাকে ১ নম্বর আসামি ও আমাদের নেতাকর্মীদেরও আসামি করে আইনের আওতায় আনার চেষ্টা করেছিল। আমাদের ক্রসফায়ারে দেয়ারও পরিকল্পনা করেছিল ফ্যাসিস্ট সরকার।’

যদি এ আন্দোলন সফল না হতো, তবে আমাদের কবর রচনা হয়ে যেত।’

জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য খন্দকার শাহেন শাহ সোহেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, মাধবদী শহর যুবদলের আহ্বায়ক সুলাইমান ভূঁইয়া, সদস্য সচিব জোবায়ের নকিব প্রমুখ।