মাদারীপুরে রিমনী বেগম ও নয় মাসের শিশু সাজিদ এবং ভাগ্নি ইতি মনিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে তার শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় গত শুক্রবার রাতে শিশুটির মামা সজীব বেপারী বাদী হয়ে মামলা করেছেন। রাতেই জহুরা বেগম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে জহুরাকে আদালতে পাঠায় পুলিশ।
মামলার নথি থেকে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ দুধখালী গ্রামের সোনা মিয়া হাওলাদারের সঙ্গে তার ভাই সিরাজুল হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে একটি ভবন নির্মাণ করা হয়। এর জের ধরে গত শুক্রবার দুপুরে রিমনী বেগম, তার নয় মাসের ছেলে সাজিদ ও ভাগ্নি ইতি মনিকে কুপিয়ে পালিয়ে যায় সোনা মিয়া ও তার মা জহুরা বেগম। পরে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশু সাজিদকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, শিশু ও তার মাসহ তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। একজন গ্রেফতার হলেও বাকিদের ধরতে অভিযান চলছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।










