রাজধানী ঢাকায় আজিজুল হক মোসাব্বির নামের এক সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার ( ৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির পেছনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আজিজুল হক মোসাব্বিরকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নেতাকর্মীরা সোনারগাঁও ক্রসিংয়ের ইনকামিংয়ে অবস্থান নিয়েছেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ডিএমপির তেজগাঁও বিভাগ এডিসি ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। আজিজুল হক মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। এডিসি ফজলুল করিম বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিআরবি হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র দিয়ে আজিজুল হক মোসাব্বিরকে গুলি করেন। প্রাথমিকভাবে তাঁকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে তাঁর দলীয় নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
গুলিবিদ্ধ নেতার ভর্তির ঘটনায় বিআরবি হাসপাতালের সামনে বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। ৫০-৬০ জন নেতা-কর্মী তাঁদের দাবিদাওয়া নিয়ে হোটেল সোনারগাঁও ক্রসিংয়ের ইনকামিংয়ে অবস্থান নিয়েছেন। সোনারগাঁও ক্রসিংয়ের ইনকামিং বন্ধ রয়েছে।










