নিরাপত্তার কারণে বান্দরবানে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল বিকালে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান সেনা রিজিয়নের আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যটকের নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর রাত থেকে রুমা ও রোয়াংছড়িতে এবং ২৩-৩০ অক্টোবর পর্যন্ত থানচি ও আলীকদমে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ১২ নভেম্বর আলীকদমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। তবে রোয়াংছড়ি, রুমা ও থানচিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

পরে থানচিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রোয়াংছড়ি ও রুমায় নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। ওই দুই উপজেলায় দফায় দফায় ১১ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। সর্বশেষ গতকাল বিকালে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রুমা ও রোয়াংছড়ি উপজেলা পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।