ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে দেশের অন্যতম নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল। গতকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত তিনটা থেকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে কুয়াশায় কিছুই দেখা না যাওয়ায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি। ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। পদ্মার উভয়পাড়ে আটকে পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাকসহ যাত্রীবাহী বাস, প্রাইভেটাকর, মাইক্রোবাস মিলে দুই শতাধিক যানবাহন। পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, মধ্যরাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত ৩টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় তিনটি ফেরি। এছাড়া ছোটবড় মিলে আরো ১১টি ফেরিকে উভয় ঘাটে আটকিয়ে রাখা হয়েছে।

ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে দুই শতাধিক যানবাহন। এদের মধ্যে ৫০টির মত যাত্রীবাহী বাস, একশ’র মত ছোটগাড়ি ও শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে বলে তিনি জানান।