বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন লোকালয়ের একটি খালে কুমিরের মৃতদেহ ভাসতে দেখা গেছে। রোববার (১৯ অক্টোবর) সকালে জোয়ারের সময় মোংলা নদীর শাখা খাল নারকেলতলার স্লুইসগেটের কাছে মৃত কুমিরটি দেখতে পান স্থানীয়রা। তবে বিকালে ভাটা নামার পর সেটি আর সেখানে দেখা যায়নি।

স্থানীয় পরিবেশকর্মী মো. হাছিব সরদার জানান, জোয়ারের পানিতে কুমিরটি ভেসে আসে। আমরা দেখি এটি উল্টো হয়ে আছে, একটি পা নেই এবং গলা ও সামনের দুই পায়ে দড়ি বাঁধা। কুমিরটি বেঁধে মারা ফেলা হয়েছে, না জালের রশিতে জড়িয়ে পড়েছিল—তা তদন্ত হওয়া দরকার।

সকালে কুমিরটি দেখতে নারকেলতলা এলাকায় বহু লোক, বিশেষ করে স্কুলশিক্ষার্থী জড়ো হন। তবে ভাটা শুরু হলে মৃত কুমিরটি স্রোতের টানে ভেসে যায়। স্থানীয়দের ধারণা, কুমিরটি সুন্দরবনের ছিল। নদীতে চলাচলকারী নৌযান বা বাণিজ্যিক জাহাজের ধাক্কায় কুমিরটির মৃত্যু হতে পারে। আবার অনেকের মতে, গলায় দড়ি বাঁধা থাকায় এটি হত্যার শিকারও হতে পারে।

কুমিরের মৃতদেহ ভাসার খবর পেয়ে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে বিকালে গিয়ে মৃত কুমিরটিকে আর দেখতে পাননি।

হাওলাদার আজাদ কবির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের কাছ থেকে জেনেছি, জোয়ারের সময় কুমিরটি দেখা গিয়েছিল, এখন আর নেই। সম্ভবত ভাটার স্রোতে নিচের দিকে ভেসে গেছে। আমরা আশপাশের নদীতে তল্লাশি চালাচ্ছি।