টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের পেছনে চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুজন।
গতকাল সোমবার রাত ৮টার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ ফাঁড়ির সদস্য নূরুল ইসলাম ও সোহেল রানা এবং ধর্ষণ মামলার আসামি লালন (২৪)। লালন জামালপুর সদরের গজারহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাজহারুল আমিন জানান, ধর্ষণ মামলার আসামির মেডিকেল পরীক্ষা শেষে ঢাকা থেকে জামালপুর ফেরার পথে গোলাবাড়ি এলাকায় ট্রাকের পেছনে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় আরো দুজন।
আজ মঙ্গলবার সকালে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ সদস্যদের মরদেহ তাদের ইউনিটে পাঠানো হবে।










