ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গাজীপুর ছাড়ছেন হাজার হাজার মানুষ। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। একসঙ্গে এতো মানুষের চাপে দেখা দিয়েছে পরিবহন সংকট ও তীব্র যানজট। আর এ সুযোগে তিন থেকে পাঁচগুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে সরেজমিনে বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, হাজার হাজার ঘরমুখো মানুষ পরিবহনের জন্য অপেক্ষা করছেন। পর্যাপ্ত বাস না থাকায় তৈরি হয়েছে চরম সংকট। যাত্রীদের অভিযোগ, ১০০ টাকার ভাড়া ৩০০ থেকে ৫০০ টাকা এবং ৫০০ টাকার ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে এদিন সকালে ক্ষুব্ধ যাত্রীরা গাজীপুরের চান্দনা চৌরাস্তা, রাজেন্দ্রপুর ও মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন।
গত সোমবার বিকালে বিভিন্ন শিল্প-কারখানা ছুটি হওয়ার পর থেকেই সড়কে মানুষের ভিড় বাড়তে শুরু করে। উত্তরবঙ্গগামী যাত্রীদের প্রধান কেন্দ্র চন্দ্রা বাস টার্মিনালে তিল ধারণের জায়গা নেই। বাস বা ট্রাক না পেয়ে অনেকেই পিকআপভ্যানে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালালেও পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়ছে।
জয়দেবপুর রেল স্টেশনেও সকাল থেকে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের বগিতে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেককেই উঠতে দেখা গেছে ট্রেনের ছাদে।
ভোট দেয়ার জন্য নিজ নিজ জেলায় ফিরতে মরিয়া হয়ে উঠেছেন গাজীপুরের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা। মাইক্রোবাস বা সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে কাছের জেলার মানুষ ফিরলেও দূরের যাত্রীরা পড়েছেন চরম বিড়ম্বনায়।
ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেছেন, রাস্তায় ট্রাফিক পুলিশের কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই। পরিবহন শ্রমিকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
এদিকে অতিরিক্ত ভাড়ার বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। জেলা পরিবহন মালিক সমিতির সভাপতির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাউগাতুল আলম বলেন, কারখানা ছুটি হওয়ায় মহাসড়কে হঠাৎ গাড়ির চাপ বেড়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে কিছু জায়গায় বিশৃঙ্খলা হয়েছে। যারা বাড়তি ভাড়া নিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।














